অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে গুলিবিদ্ধ অবস্থায় জ্যোতি চাকমা (২১) নামে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোরে উপজেলার বরকলাক এলাকায় থেকে আটক করা হয়।জ্যোতি কল্যাণ ইউপিডিএফ (মূল) দলের পানছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক ছিলেন।
আটকের সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি মোবাইল ফোন (১টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন), চাঁদা আদায়ের রশিদ, ইউপিডিএফ (মূল) সদস্যদের নীতিমালাসংবলিত নথি এবং চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুল বারী জানান, ইউপিডিএফের (মূল) সশস্ত্র সদস্যরা বিভিন্ন স্থানে চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা সেনাসদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে সেনাসদস্যরা তাদের প্রতিহত করে।
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কল্যাণ জ্যোতি চাকমাকে আটক করা হয়। তিনি অস্ত্র আইনের ১৯-(ক) ধারার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।