ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করে মহাসড়কে চলাচল করছে দূরপাল্লার বাস। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ৩৭ দূরপাল্লার গণপরিবহন আটক করেছে পুলিশ। মহাসড়কের চন্দ্রায় চেকপোস্ট বসিয়ে বাসগুলো আটক করা হয়।
লকডাউন অমান্য করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস চলছে বলে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে রাতে ও ভোরে এসব যানবাহন বেশি চলাচল করছে। অধিকাংশ বাসের গন্তব্য ঢাকা। দূরপাল্লার বাস ছাড়াও সড়কে পণ্যবাহী ও ছোট ছোট পরিবহনের চলাচল বেড়ে গেছে। এমন অভিযোগে মহাসড়কের চন্দ্রায় চোকপোস্ট বসিয়ে উত্তর বঙ্গ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ৩৭ বাস আটক করেছে।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, শনিবার চন্দ্রা চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার ৩৭ বাস আটক করা হয়েছে। চলমান বিধি-নিষেধ অমান্য করে মহাসড়কে চলাচলের কারণে বাসগুলো আটক করা হয়েছে। আটককৃত বাসগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।