গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় সোমবার সকালে জুতা তৈরির এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে জুতা তৈরির কারখানার ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তৈরি জুতা ও জুতা তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কারখানার জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।