পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার কনকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী আল আমিন সিকদার বাদী হয়ে বাউফল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী আল আমিন চেয়ারম্যান শাহীনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, মারধর ও হুমকির অভিযোগ করেন।
গত শনিবার সকাল ৯টায় কনকদিয়া ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরুর পর চেয়ারম্যান শাহীন হাওলাদার কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তিনি স্বাস্থ্যকর্মী আলআমিন সিকদারকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন।
এর আগেও আনসার উদ্দিন নামের এক কৃষি কর্মকর্তাকে মারধর করেন চেয়ারম্যান শাহীন হাওলাদার। ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সম্প্রতি বিচারপ্রার্থী এক কিশোরীকে বিয়ে করে আলোচনার ঝড় তোলেন তিনি।
এদিকে মামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্য সহকারী আলআমিন। তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন মাধ্যমে আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। বাউফল থানার ওসি আল মামুন বলেন, মামলা হয়েছে। এখন তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।