অনলাইন ডেস্ক:: শরীয়তপুর-নড়িয়া সড়কের বালাখান এলাকায় বিকল্প বেইলিব্রিজ ভেঙে পাথরভর্তি ট্রাক খাদে পড়ে নাইম বেপারী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নীচে চাপা পড়ে আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাইম বেপারী সদর উপজেলার স্বর্নঘোষ গ্রামের মনির উদ্দিন বেপারীর ছেলে। নাইম বেপারীর মৃত্যুও খবর নিশ্চিত করেছেন, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহাম্মেদ খান।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-নড়িয়া সড়কের বালাখানায় পুরাতন কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণের কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি দিয়ে যানবাহন চলাচল সাভাবিক রাখতে বিকল্প সড়কের ব্যবস্থা না করে ওই স্থানে একটি বেইলি সেতু নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। আজ সকালে একটি পাথরবোঝাই ট্রাক বেইলি সেতুটি পার হতে গেলে সেতুটি ভেঙে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এসময় নিচে কাজ করা কয়েকজন শ্রমিক পাথরের নিচে চাপা পরে। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক নাইম বেপারীকে (৩০) মৃত ঘোষণা করে। উক্ত স্থানে ব্রিজ নির্মাণাধীন থাকায় বিকল্প এই বেইলিব্রিজ দিয়ে দীর্ঘদিন ঝুঁকিতে যানবাহন চলাচল করে আসছিল।