বরিশাল অফিস: বরিশালে হাত-পা বাঁধা অবস্থায় মো. মঞ্জুর মোর্শেদ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে বিমান বন্দর থানার ওসি জানান।
নিহতর স্বজনরা জানান, মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। তার স্ত্রী রাবেয়া বেগম মেয়ের বাড়িতে ছিলেন। প্রতিদিন স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে হাঁটতেন মঞ্জুর মোর্শেদ। বৃহস্পতিবার সকালে মসজিদে না যাওয়ায় মুসল্লিরা তাকে বাসায় এসে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে তার ছেলেকে জানা স্থানীয়রা। খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি কমলেশ হালদার বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলায় একটি সাদা কাপড় পেচানো অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি তার নাকে ও চোখে আঘাতের চিহ্ণ রয়েছে। এ ঘটনায় নিহতর পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে।