বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই ও উপসর্গে তিন জন মারা গেছেন। একই সময়ে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বাড়ি ফিরেছেন ১০ জন। তাদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত। একই সময়ে ১১ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত চার জন।
এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত সোমবার রাতের রিপোর্টে ১৭৯টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.১৭ শতাংশ।সংক্রমণের শুরু থেকে হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট সাত হাজার ৫৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ২৫৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৬০৯ জন। মোট এক হাজার ৩৪৯ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৪০৫ জন।