আপডেট নিউজ, বরগুনা: বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামের সিদ্দিক মাঝি (৭০) নামের এক বৃদ্ধকে নির্যাতন করে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের এলাকার গর্জনবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সিদ্দিক মাঝির নিকট একই গ্রামের নজরুল ইসলাম এক ব্যক্তি ধার হিসেবে দেয়া এক লাখ টাকা পেতেন। দীর্ঘদিনেও টাকা আদায় করতে না পেরে নলটোনা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন নজরুল ইসলাম। ইউপি চেয়ারম্যান গ্রাম্য পুলিশ মারফত সিদ্দিক মাঝিকে ইউনিয়ন পরিষদে হাজির হতে বললেও তিনি হাজির হননি।
গতকাল সোমবার পাওনাদার নজরুল ইসলাম পুনরায় চেয়ারম্যানের শরণাপণ্ন হলে চেয়ারম্যান সফিকুজ্জামান সিদ্দিক মাঝিকে ধরে আনার জন্য গ্রাম পুলিশকে নির্দেশ। এরপর মঙ্গলবার ১২টার দিকে নজরুল ইসলাম দলবলসহ সিদ্দিক মাঝিকে ধরে নিয়ে যাওয়ার পথে গর্জনবুনিয়া নামক স্থানে বেধড়ক নির্যাতন করে।
সিদ্দিক মাঝির মেয়ে হালিমা বেগম জানান, ‘নজরুল ইসলাম, ফোরকান, শাকুরসহ ৪ থেকে ৫ জন গতরাতে আমার বাবাকে ধরে নিয়ে যায়। আজ সকালে নজরুলরা আমার বাবাকে বেদম মারধর করে। এ সময় বাঁচাও বাঁচাও করে চিৎকার করলেও কেউ বাবার কথা শোনেনি।’ চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজের নির্দেশে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন সিদ্দিক মাঝির কন্যা হালিমা বেগম।
নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, এ ঘটনার সাথে আমার কোনও সম্পৃক্ততা নেই। বিষয়টি আমার জানাও ছিল না। আমার বিরোধীপক্ষ আমাকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সদর হাসপাতালের দায়িত্বরত মেডিক্যাল অফিসার নীহার রঞ্জন বৈদ্য বলেন, অজ্ঞান অবস্থায় কে বা কারা হাসপাতালে রেখে গেছেন। মুমূর্ষ অবস্থায় চিকিৎসাকার্য চালানো হয়েছে। ইসিজি করতে গেলে তাকে মৃত দেখা যায়।
বরগুনা থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণা পাওয়া যায়নি। এখনো তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।