অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরের কর্মকারপাড়া এলাকায় প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় ১০টি গ্রামের মানুষ।

স্থানীয়রা জানায়, কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে কালভার্টটি নির্মাণ করা হয়। এটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি কর্তৃপক্ষ। আজ ভোরে কালভার্টটি প্রবল স্রোতে ভেঙে যায়। এতে প্রায় ১০টি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেটা আজ ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।