আপডেট নিউজ,  কুয়াকাটা: কুয়াকাটা সমুদ্র সৈকতে আজ বৃহস্পতিবারও ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। দুই মাসে প্রায় দুই ডজনেরও বেশি ছোট বড় মৃত ডলফিন কুয়াকাটার ১৮ কিলোমিটার সৈকতে ভেসে এলো। তবে কি কারণে এগুলো এত মৃত্যু হচ্ছে তার সুনির্দিষ্ট তথ্য মিলছে না। অনেকের মতে, জলবায়ু পরিবর্রতনে কারণে কিংবা জেলেদের জাল পুতে রাখার কারণে মৃত্যু হচ্ছে ডলফিনের।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার পূর্বে রির্জাভ ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় জুয়েল নামের ডলফিন রক্ষা কমিটির এক সদস্য।

জুয়েল জানান, মাছটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন পূর্বে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমি টিম প্রধানকে খবর দেই।কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র অন্যতম সদস্য কেএম বাচ্চু সাংবাদিকদের জানান, চলতি বছরে যতগুলো ডলফিন আসছে তারমধ্য এটি সবচেয়ে বড় ১২ ফুটের উপরে। ডলফিনের মৃত্যুরোধে খুব দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে।তবে এই ধরনের ডলফিনগুলোর প্রধান খাদ্য মাছ তাই জেলেদের মাছ ধরার জালেও আটকে মারা যেতে পারে।