পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা পৌর শহরে সাথী আক্তার নামে (১৬) এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের টানে পালিয়ে এসে বিয়ের মাত্র দু’মাসের মাথায় এ ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডে স্বামী জাহিদুলের (২৭) ভাড়া বাসায় সিলিং ফ্যানের রডের সঙ্গে সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত সাথী আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।

হারুন সরদার জানান, প্রায় দুই মাস আগে সাথী পরিবারের কাউকে না জানিয়ে জাহিদুলকে বিয়ে করে সংসার শুরু করে। বিয়ের পর থেকে জাহিদুল তাকে মারধর করত। মারা যাওয়ার আগে সাথী এসব কথা ডায়েরিতে লিখে গেছে বলেও তার বাবা দাবি করেছেন।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।