বরিশাল প্রতিনিধি: বরিশালে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নিখোঁজের ১২ দিন পর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে কীর্তনখোলা নদীর এ্যাংকর সিমেন্টের জেটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ ও ফাহাদের স্বজনরা জানান, এ্যাংকর সিমেন্টের জেটির পন্টুনের কাছে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসছে- খবর পেয়ে কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে ১৭-১৮ বছরের এক কিশোরের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
এর আগে গত ২৭ আগস্ট বিকালে বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে একটি ট্রলারে নৌভ্রমণে গিয়েছিল ফাহাদ। এ সময় হঠাৎ করেই সে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ওই সময় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের ১২ দিন পর তার লাশ উদ্ধার হলো।