নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলে করে বরিশালে ঘুরতে এসে বাসের চাপায় পিষ্ট হয়ে স্কুলছাত্র তিনজন বন্ধু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশাল নগরীর দক্ষিণ প্রান্তে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাতে তিন বন্ধু নিহতের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
নিহতদের অপর বন্ধু রাকিব ও তপু বলে, আমরা বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্ররা ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়।
প্রতক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটি ওভারটেক করছিলো। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় মোটরসাইকেলটি। এতে পিছনে থাকা বাসের চাকায় পিষ্ট হয় মোটরসাইকেলে থাকা তিন কিশোর। আহতদের উদ্ধার করে স্হানীয়রা শেবাচিম হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহাতাব হোসেন সিয়াম ও চয়নকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন রাব্বীকেও রাত ৯টার দিকে মৃত ঘোষণা করা হয়।
বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস টার্মিনাল থেকে রাতুল-রোহান নামক বাসটি জব্দ করা হয়েছে। তাবে চালক ও হেলপার পালিয়ে গেছে।