অনলাইন ডেস্ক:: পাবনার ঈশ্বরদীতে নির্মণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লোহার এ্যাঙ্গেল ভেঙ্গে মাথায় পড়ে ২ শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে মনিরুজ্জামান (৩২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। গুরুতর আহত অবস্থায় দিনবন্ধু (৩৩) এবং সিফাত (২৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।

তাঁরা সকলে ‘টেস্ট রোসেম’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ এবং হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

প্রকল্পে কর্মরত প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিং এর ভেতরে ওই শ্রমিকরা কাজ করছিল। এ সময় ক্রেন দিয়ে পানির জার রিয়্যাক্টর বিল্ডিংয়ের নীচে নামানোর সময় জারের ধাক্কায় এ্যঙ্গেল ভেঙ্গে নীচে কর্মরত ওই শ্রমিকদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে ১ জন এবং  হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মারা যান। আহত অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে।

নিহত মনিরের বাড়ি  ঈশ্বরদী রূপপুরে ফুটু মার্কেটের পাশে এবং মাধবের বাড়ি শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে।