পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
রবিবার (১০ অক্টোবর) পিরোজপুরের নাজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে সভার আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, দুর্গাপূজা এখন আর পূজার ভেতরে সিমাবদ্ধ নেই। এটা সব বাঙালির উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার। আমার মসজিদে আমি নামাজ পড়বো, আপনার মন্দিরে আপনি পূজা করবেন, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালবাসা একটি জায়গায় এক বন্ধনে আবদ্ধ করেছে, সেটা হলো— আমরা সবাই বাঙালি।
এ সময় মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধানমন্ত্রী, তার ব্যাক্তিগত তহবিল, জেলা পরিষদ ও হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১২৫টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।