ভোলা প্রতিনিধি:: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগান সামনে রেখে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে ভোলায় জেলা পুলিশ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ব্যাংকের হাট চত্বর থেকে এই দৌড় শুরু হয়।

পরে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সভা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে এই মিনি ম্যারাথনের সমাপ্তি ঘটে। দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

জেলা পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি সদস্য আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।ভোলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মিনি ম্যারাথন উপলক্ষে জেলার বিভিন্ন বয়সী ১৫০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে সম্মননা উপহার প্রদান করা হয়।