আপডেট নিউজ, ভোলা: ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আত্মরক্ষার কৌশল হিসেবে ভোলার তজুমদ্দিন উপজেলার কিশোরীরা নিচ্ছে কারাতে প্রশিক্ষণ। সোমবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়াম রুমে দেখা যায় এমনি চিত্র।
আয়োজক কমিটির সঙ্গে কথা হলে জানা যায়, বখাটে ও উত্ত্যক্তকারীদের লাগামহীন বখাটেপনায় শহর-গ্রামসহ সব জায়গায়ই বিভিন্ন বয়সী তরুণী, কিশোরী ও নারীদের ঘর থেকে বের হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সর্বক্ষেত্রেই আসা-যাওয়ার পথে ভোগান্তির শিকার হতে হচ্ছে মেয়ে শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনের পর দিন বখাটেদের বেহায়াপনা সহ্য করে যাচ্ছেন অনেকে। কেউ আবার আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হয়েছেন।
এই নির্যাতনের লাগাম টানতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ও প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় দেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কিশোরী অংশগ্রহণ করছে।
কথা হয় কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কলেজ শিক্ষার্থী নাদিয়া আক্তার বলেন, নিজের সুরক্ষার কথা চিন্তা করেই এখানে আসা। এখানে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাসী মনে করছি। এখন আর আমার একা চলতে ভয় হবে না।