ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত জেরে চাচাতো ভাইদের হাতে আবু জাফর শরীফ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই তোফাজ্জেল শরীফ বলেন, চাচাতো ভাই জামাল শরীফ ও আবুল শরীফের কাছে আমার ভাই আবু জাফর কিছু জমি বিক্রয় করে। সেই জমি দলিলের সময় তারা ভেন্ডারের মাধ্যমে বাড়ির দাগের জমি দলিলে অন্তর্ভুক্ত করে নেয়।
সবকিছু জেনে আবু জাফর বাড়ির দুই পরিবারের লোকদের সঙ্গে আলাপ আলোচনায় বসলে একপর্যায়ে কথা কাটাকাটি হলে একটু অস্বস্তি বোধ করেন আবু জাফর শরীফ।
তখন চাচাতো ভাইরা তাকে তাদের ঘরের একটি রুমে নিয়ে রুম আটকে দেয়, কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় তাকে বৈঠক চলমান রুমে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হবে বলে জানান ওসি।