অনলাইন ডেস্ক:: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের এক গৃহবধূ (২৪) এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমালভাবেই এ পাঁচ সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।ওই নারী এবারই প্রথম সন্তান জন্ম দিলেন। বর্তমানে পাঁচ সন্তানের মা সাদিয়া খাতুন সুস্থ রয়েছেন। তবে বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পাঁচ সন্তানের বাবা সোহেল রানা বলেন, সোমবার (১ নভেম্বর) রাতে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসি। পরে সকালে সে পাঁচটি সন্তান প্রসব করে। তবে গর্ভ ধারণের ৬ মাসের মাথায় এ সন্তানদের জন্ম হলো। যার কারণে এদের ওজন কম।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বলেন, এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম একটা বিরল ঘটনা। শিশুগুলোর ওজন এবং শারিরিক পূর্ণতা আসেনি। তাদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে। তাদের স্বাস্থ্যঝুঁকি থাকায় আমরা চেষ্টা করছি সুস্থ রাখতে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি। ওদের মা সুস্থ রয়েছেন।