অনলাইন ডেস্ক:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নে শেফালী বেগম (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ নভেম্বর) সকালে মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালী বেগম। তিনি চানন্দি ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের ৫৩ নম্বর হাউসের ইউছুফের স্ত্রী। গ্রেপ্তারকৃত আবুল কালাম একই আশ্রয়ণের নবাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম ও শেফালী একে অপরের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে আশ্রয়ণে থাকা টয়লেট ও গাছ কাটকে কেন্দ্র করে আবুল কালামের পরিবারের লোকজনের সঙ্গে শেফালীদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে কালাম ও তার পরিবারের লোকজন ধারালো দা দিয়ে শেফালীর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। আহত শেফালীকে উদ্ধার করে মাইজদী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বামী ইউছুফ জানান, মহিলাদের মধ্যে ঝগড়া বাধলে পাশে থাকা আবুল কালাম দৌড়ে আসেন। এ সময় তার হাতে থাকা দা দিয়ে শেফালীর মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে শেফালী মারা যান।
হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত কালামকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।