ভোলা প্রতিনিধি: ভোলায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে জাওয়াদ সাদমান অর্ণব (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। অর্ণব এ বছর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সোমবার (১৫ নভেম্বর) সকালে ভোলা পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের মোনালিসা রোডের তার বাসা থেকে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। অর্ণব তার মাকে নিয়ে দীর্ঘ দিন ধরে শহরের মোনালিসা রোডের খালুর বাসায় থাকত। পুলিশের ধারণা রাতের যে কোনো সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

অর্নবের মা আয়েশা জেরিন বলেন, কয়েক মাস ধরে তার বাবা কে এম আসাদুজ্জামানের বিভিন্ন কর্মকাণ্ডে অর্ণব হতাশাগ্রস্ত ছিল। প্রায়ই সে বলত আমি আত্মহত্যা করব। সর্বশেষ রবিবার রাতে ক্রিকেট খেলা দেখে রাত ১২টার পর সে তার রুমে ঘুমাতে যায়। সকাল বেলা তার ঘরের দরজা বন্ধ দেখে অনেক্ষণ ধরে ধাক্কাধাক্কি করি। পরে জানালা ভেঙে আড়ার সাথে অর্ণবের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।