অনলাইন ডেস্ক:

বসতঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্র পুড়ে যায় গরু ব্যবসায়ী মিল্লাত হোসেনের। এসময় তার ঘরে থাকা নগদ সাত লাখ টাকাও পুড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার জামতলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ রতন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে বাড়ি ও গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে তার একটি গরু এবং ঘরে থাকা গরু ব্যবসার নগদ সাত লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মিল্লাত হোসেন জানান, ব্যবসার নগদ সাত লাখ টাকার সঙ্গে তার সবকিছু শেষ হয়ে গেছে। পরিবারের সদস্যেদের পরনের কাপড় ছাড়া তার আর কিছু নেই।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকতা আরাফাত হোসেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।