আপডেট নিউজ, বরগুনা: নিজেকে নয়ন বন্ডের ভক্ত অনুসারী দাবি করে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে গাঁজা সেবনের ভিডিও ছড়িয়েছে এক তরুণ। ভিডিতে ওই তরুণ নিজেকে ‘শফিক বন্ড’ দাবি করে ‘আমি কারও ধার ধারি না’ এমন একটি র্যাপ গান পরিবেশন করেন।
কলেজ ক্যাম্পাসে এমন বখাটেপনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। কলেজ ক্যাম্পাসের সামনে রিফাত শরীফ হত্যার উদহরণ টেনে অনেকেই এখনি এদের লাগাম টানা উচিত বলে মন্তব্য করেছেন।
ফেসবুকে বরগুনা সিটি নামের একটি পেইজে গতকাল ১১টার দিকে ভিডিওটি আপলোড করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, একজন তরুণ বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে অধ্যক্ষর কার্যালয়ের সামনে রোভার স্কাউট অফিসের পাশের সড়কে দাড়িয়ে গাঁজা সেবন করতে করতে র্যাপ গান গাইছেন ‘আমি বড় বেপরোয়া, কারও ধার ধারি না।’
এছাড়াও নানা অশ্লীল বাক্য র্যাপ গানের মতো বলতে থাকেন। এ সময় তার আশপাশে কয়েকজন তরুণের কথা শোনা যায় যারা তাকে ভিডিও তৈরিতে সহযোগিতা করছিল। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে শেষের দিকে গিয়ে ওই তরুণ নিজের নাম প্রকাশ করে বলেন, ‘আমি কি মামা চিনোছ না, বরগুনা আমার, নয়ন বন্ড ওরফে শফিক রেজা, খাই গাঁজা। ভাইরাল কইরা দে আমারে ভাইরাল কইরা দে।’
খোঁজ নিয়ে জানা যায়, স্বঘোষিত এই বন্ড শফিক রেজার বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামে। বাবার নাম মো. হারুন এবং মায়ের নাম রাশেদা বেগম। তালতলী ফকিরহাট এলাকায় তাদের পৈত্রিক বাড়ি রয়েছে।
তবে পরিবার চট্টগ্রামের বসবাস করায় তার জন্ম হয় চট্টগ্রাম শহরে। চট্টগ্রামের একটি স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন শফিক। এসএসসি পাসের পর সঙ্গদোষে মেধাবী ছাত্র শফিক মাদকাসক্ত হয়ে পড়ে। বরগুনা সদর উজেলার ঢলুয়া ইউনিয়নের রাজ্জাক সিকদার তার নানা।