বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে ধানক্ষেত থেকে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে ধানক্ষেতে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন দেখে গ্রামের লোকজন। পরে সবার প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করা হয়। এরপর বিষয়টি বন বিভাগকে জানালে শকুনটিকে নিয়ে যান তাদের কর্মীরা।

স্থানীয় বাসিন্দা সত্তার মাঝি বলেন, লোকালয়ে আগের মতো শকুন দেখা যায় না। শকুন উদ্ধারের খবরটি জানাজানি হলে দেখতে আসেন উৎসুক জনতা। যখন শকুনটি আমরা উদ্ধার করি তখন সেটি খুব দুর্বল ছিল। দ্রুত চিকিৎসা দিয়ে শকুনটি অবমুক্ত করার দাবি জানাই।

তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ধানক্ষেত থেকে স্থানীয়রা একটি শকুনটি উদ্ধার করে আমাদের খবর দেন। আমরা গিয়ে পাখিটি উদ্ধার করে নিয়ে আসি। চিকিৎসা দিয়ে পরে ব্যবস্থা নেয়া হবে।