পটুয়াখালী প্রতিনিধি:

ভাঙানির দোকান থেকে পটুয়াখালী গলাচিপা পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের সরকারি বিনামূল্যে বিতরণের জন্য ৬৮০ কেজি নতুন বই উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধলু ফকির বাজার মো. মিলন হাওলাদারের ভাঙানির দোকান থেকে বইগুলো উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা বাদী হয়ে গলাচিপা থানায় নাম উল্লেখিত ৩ জনসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে অভিযোগ করেন।

গ্রেফতারকৃতরা হলেন- পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও একই এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. সহিদুল ইসলাম খান (৫৬) ও ভাঙানির দোকানের কর্মচারী দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মো. মজিদ চৌকিদার (৬২)।

গলাচিপা থানার ওসি জানান, মামলা হয়েছে আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।