অনলাইন ডেস্ক:: ময়মনসিংহে হাত-পায়ের রগ কাটা অবস্থায় সালমা আক্তার (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা আক্তার জেলার ধোবাউড়ার উপজেলার সানাউল্লাহর মেয়ে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মপল্লীর লালু মিয়ার গলি এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্বামী রাজিব মিয়ার সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কয়েক মাস যাবৎ ওই দম্পত্তি ওই এলাকায় বসবাস করে আসছেন। তবে তারা দুজনই মাদকাসক্ত। ঘটনার দিন সন্ধ্যার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া করেন সালমা। পরে ঘরের দরজা বন্ধ করে মাদকাসক্ত অবস্থায় তিনি ধারালো কিছু দিয়ে নিজের হাত ও পায়ের কবজির দিকে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।