অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সাগর উপকূলে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলি হয়েছে। পরে তাদের একটি বোট থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার দুপুরে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগরের দুই নটিক্যাল মাইল দক্ষিণপূর্ব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৩০ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগজিন এবং একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র উপকূলে বিশেষ অভিযান চালানো হয়। ২টার দিকে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। সংকেত পেয়ে কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে বোট থেকে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। তখন কোস্টগার্ড পাল্টা গুলি চালাতে শুরু করলে ইয়াবা কারবারিরা সাগরে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়। উদ্ধার করা ইয়াবা ও অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।