অনলাইন ডেস্ক:: মাদারীপুর সদর উপজেলার ধুরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। তারা হলো সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষাড় গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাইম ফরাজী (১৪)সে জালালপুর আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। অপরজন নিহতের চাচাতো ভাই জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৫)। সে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধুরাইল ইউনিয়নের জালালপুর আইডিয়াল হাই স্কুলের মাঠে নাঈম ও জনি ব্যাডমিন্টন খেলছিল। খেলার এক ফাঁকে রাত সাড়ে ৯টার দিকে এক বন্ধুকে তারা মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দিতে যায়। পরে ফেরার পথে আড়িয়াল খাঁ নদের ব্রিজের গোড়ার দিকে ভাঙা রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে ওই রাস্তা দিয়ে একটি প্রাইভেটকার যাওয়ার সময় যাত্রীরা রাস্তার পাশে তাদের পড়ে থাকতে দেখেন। পরে তারা লোকজনকে খবর দেন। তারা নাঈম ও জনিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় জনিকে ফরিদপুরের শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কলেজে পাঠানো হয়। পরে রাতেই জনি ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ধুরাইলে রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন সদর হাসপাতালে আনার পথে মারা গেছে। পরে আরেকজন ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুজনই স্কুলছাত্র।