পটুয়াখালী প্রতিনিধি:: কলাপাড়া-কুয়াকাটা সড়কের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী যমুনা লাইন বাসের সঙ্গে কলাপাড়াগামী ইজিবাইকের সংঘর্ষ হয়।
নিহতরা হচ্ছেন- নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা গ্রামের মো. ইউনুচ প্যাদার ছেলে মো. বায়জিদ (১৪) ও একই ইউনিয়নের গামৈরতলা গ্রামের তানজের আলীর পুত্র সেলিম তালুকদার (৪৭)।
এ ছাড়া গুরুতর আহত ইজিবাইকচালক মো. মামুন প্যাদা (২৩) এবং যাত্রী নিজাম উদ্দিন (৩৫) এবং আরাফাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানা পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা লাইন পরিবহন নামের গাড়িটি ঢাকা থেকে ছেড়ে কুয়াকাটা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক স্থানে পৌঁছলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে ওই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংর্ঘ হয়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার করে। তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্থানীয়রা জানান, ইজিবাইকে করে সেলিম তালুকদার ও বায়েজিদসহ অন্যরা মাছ বিক্রি করার জন্য কলাপাড়া শহরের বাজারে যাচ্ছিলেন।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইকবাল হোসেন বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান। তার মাথা থেঁতলে গেছে। বায়েজিদ নামে আরেকজন হাসপাতালে আনার পর মারা গেছেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, দুর্ঘটনার পরই পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি আটক করেছে। গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।