পটুয়াখালী প্রতিনিধি::  সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের বাড়িতে নেমে এসেছে শোকের কালো ছায়া। কান্নার আহাজারিতে ভারি হয়েছে হাবিবুর রহমানের বাড়ি ‘সেনা নিবাস’।

হাবিবুর রহমান কলাপাড়া উপজেলার ৬নং মহিপুর ইউনিয়নের, লতিফপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। নিহত হাবিব চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তার বাড়ি মহিপুরে হলেও তিনি পটুয়াখালী পৌর এলাকার টাউন বহাল গছিয়া এলাকার গাজীবাড়ি এলাকায় সেনা নিবাস নামের একটি বাড়ি করেন।

নিহত হাবিবুর রহমানের স্ত্রী তার দুই ছেলের মধ্যে বড় ছেলেকে নিয়ে বসবাস করেন নিজ বাড়ি সেনা নিবাসে। তার বড় ছেলে মো. হাসিবুর রহমান পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষে করেছে। ছোট ছেলে মো. হাসান সেনাবাহিনীর সদস্য পদে কক্সবাজারের রামুতে কর্মরত রয়েছেন।

হাবিবুর রহমানের বড়ভাই মো. খলিল সরদার বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিলেন। ২৮ বছর আগে হাবিবের সেনাবাহিনীতে চাকরি হয়। ছয় মাস বা তার কিছু দিন বেশি সময় তার চাকরির মেয়াদ ছিল। আমি তার স্ত্রী-সন্তানকে কী বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না।উল্লেখ্য, বুধবার রাতে সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে জেএসএস দলের গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন হাবিবুর রহমান।