অনলাইন ডেস্ক:: গাজীপুরের শ্রীপুরে টিউলিপ পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন পাউলা রুজ শিনডেলার। শুক্রবার বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার হোসেনের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন তিনি।এ সময় বাংলাদেশের মাটিতে স্বদেশীয় জাতীয় ফুলের বাহার দেখে উৎফুল্ল হয়ে উঠেন পাউলা রুজ শিনডেলার।বাগান মালিক দেলোয়ার জানান, টিউলিপ বাগান পরিদর্শন করে উৎফুল্ল মনে তিনি বলেন, বাংলাদেশে ব্যাপকভাবে টিউলিপ চাষে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
দেশে তৃতীয়বারের মতো গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার হোসেনের মৌমিতা ফ্লাওয়ারর্স নামক বাগানে ফুটেছে টিউলিপ ফুল। এ ফুল রফতানিতে ব্যাপক সম্ভাবনা জাগিয়েছে বলে জানিয়েছেন ফুলচাষি দেলোয়ার হোসেন।
নেদারল্যান্ডের চাইতে ২-৩ মাস পূর্বে বাংলাদেশের আবহাওয়ায় ফুটা টিউলিপ বিদেশের বাজারে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের টিউলিপ ফুলের উদ্যোক্তা দেলোয়ার হোসেন।
ফুলচাষি দেলোয়ার হোসেন তার এ বাগানের নাম দিয়েছেন ‘মৌমিতা ফ্লাওয়ারস’। এ বাগানে জার্বেরা, চায়না গোলাপ ও বিদেশি বিভিন্ন ফুল চাষে সফল হয়েছেন তিনি। সফল ফুল চাষি হিসেবে ২০১৭ সালে বঙ্গবন্ধু কৃষি পদকও পান তিনি।
লিউলিপ চাষে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার বলেন, টিউলিপ ফুলের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। শীতপ্রধান দেশে ফুটে ফুলটি। বাংলাদেশের আবহাওয়ায় টিউলিপ চাষ সম্ভাবনার কথা চিন্তা করে ২০২০ সালে প্রথমবারের মতো দেলোয়ার হোসেন তার মৌমিতা বাগানে অন্যান্য ফুলের পাশাপাশি টিউলিপ চাষ শুরু করেন। প্রথম বছর সফলতার পর এবার তিনি ব্যাপকভাবে ৮টি রঙের ১৩ প্রকার টিউলিপের চাষ করেছেন। ১৩ জাতের মধ্যে ৭-৮ প্রকারের টিউলিপের ফলন ভালো হয়েছে। এ আবহাওয়ায় ভালো ফলন হওয়া টিউলিপের জাতগুলোকে আগামী সিজনের জন্য নির্ধারণ করে সারাদেশের ফুল চাষিদের মাঝে ওই চারা গুলো বিতরণ করা হবে।
এবার তিনি টিউলিপ ফুলকে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। তাইতো নিজ উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া, রাজশাহী ও যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় বাগান তৈরি করছেন। দেশের মাটিতে প্রথম টিউলিপ ফুল ফুটিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। টিউলিপ বাগান দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ তার শ্রীপুরের বাড়িতে ভিড় জমান। পর্যায়ক্রমে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেলোয়ারের বাগানে দ্বিতীয়বারের মতো টিউলিপ ফুল ফোটে। দেশের টিউলিপ নজর কেড়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। বাগান পরিদর্শন করেছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ কৃষি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।