অনলাইন ডেস্ক:: রংপুরের কাউনিয়ায় এক বৃদ্ধার সরকারি বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সাজু মিয়া (২৭) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুল শেখের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাজেমজকুর এলাকার গ্রাম পুলিশ সাজু মিয়া গত বছর একই এলাকার তালিকাভুক্ত বৃদ্ধা মমেনা বেগমের বয়স্ক ভাতার তিন হাজার টাকা কৌশলে তার মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে নেন। পরে ওই বৃদ্ধা বিষয়টি জানতে পেরে সাজুর কাছে টাকা ফেরত চান। কিন্তু গ্রাম পুলিশ সাজু ওই বৃদ্ধার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। দীর্ঘদিন ঘুরেও টাকা উদ্ধার করতে না পেরে অবশেষে বৃহস্পতিবার কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন মমেনা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জাগো নিউজকে বলেন, প্রাথমিক তদন্তে ওই বৃদ্ধার ভাতার টাকা আত্মসাতের ঘটনাটি প্রমাণিত হওয়ায় অভিযোগটি এজাহারভুক্ত হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত গ্রাম পুলিশ সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।