নিজস্ব প্রতিবেদক:: বরগুনার তালতলীতে প্রাইভেটের টাকা দিতে না পারায় মায়ের সঙ্গে অভিমান করে সিমা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার ঝুলন্ত মরদেহ তার বাড়ি উপজেলার পূর্ব ঝাড়াখালী গ্রাম থেকে উদ্ধার করেছে। শনিবার (০৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিমা ওই এলাকার খালেক আকন্দের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সিমা। কলেজের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। সিমার বাবা হতদরিদ্র দিনমজুরের কাজ করায় প্রাইভেটের টাকা দিতে কিছুদিন দেরি হওয়ায় শনিবার সকালে ওই টাকা নিয়ে সিমার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁস দেওয়া অবস্থায় সিমার মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সিমার মা বলেন, আমাদের অভাবের সংসার, তবুও মেয়েকে লেখাপড়া করানোর জন্য চেষ্টা করেছি। কষ্ট করে প্রাইভেটের ৫০০ টাকা জোগাড় করে দিয়েছি। বাকি প্রাইভেটের টাকার জন্য আমার সঙ্গে সামান্য মনোমালিন্য হয়। এরপর মেয়েটি কলেজে না গিয়ে আমার সঙ্গে অভিমান করে ঘরে বসে আত্মহত্যা করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি সেটা হলো প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে ওই কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।