পাথরঘাটা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় একটি ডক ইয়ার্ডে আগুন লাগায় পাঁচটি মাছ ধরার ট্রলার পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদেরের মালিকানাধীন ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার জানিয়েছেন। তোফায়েল বলেন, পাথরঘাটা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে মেরামত করতে আসা ইলিয়াস কোম্পানির একটি, সেলিম ফরাজীর একটি ও পনু রাঢ়ির দুইটি ট্রলার পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া এনামুল হোসাইনের একটি ট্রলার আংশিক পুড়েছে। ডকইয়ার্ডের মালিক আব্দুল কাদের বলেন, ‘ডকইয়ার্ডের সারেং ইফতারির ঘণ্টা দুয়েক আগেই সব কাজ শেষ করে বাড়ি যায়। কিন্তু রাতে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। তবে ধারণা করছি, শত্রুতাবশত হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে।’
পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার বলেন, ট্রলারগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।