অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুলের পরিত্যক্ত টিনের ঘর ধসে চার শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার, মারিয়াম, সামিয়া ও নাজমুল। এর মধ্যে সামিয়া ও নাজমুলকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, আমার মেয়ে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি স্কুলে লেখাপড়া করে। মেয়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। সে সময় একটা বিকট আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি কয়েকটা বাচ্চার ওপর টিনের ঘর ভেঙে পড়েছে। আশপাশের আরো লোকজন ছুটে আসেন। আমরা ওই বাচ্চাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
আহত মারিয়াম বলে, আমরা ছুটির পর ক্লাস থেকে বের হয়ে স্কুলের পুরাতন টিনের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন টিনের ঘর ভেঙে আমাদের মাথায় পড়ে।মারিয়ামের বাবা মোশাররফ হোসেন বলেন, স্কুলে বাচ্চাদের নিরাপত্তা নেই। ভবন পরিত্যক্ত প্রধান শিক্ষক বলতেই পারেন না। খালি তাদের টাকা দাও কিন্তু কোনো কাজ করে না।
বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে জানান প্রধান শিক্ষক মোফিজুল ইসলাম। তিনি বলেন, আহত বাচ্চাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি দেখছি।