বরিশাল: বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।
শনিবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ খায়রুল ইসলাম জানান, দক্ষিণ পালরদী গ্রামের ডাঃ সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেফতারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় তৈরি একটি রিভালবার, ধারালো অস্ত্র ও চাইনীজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।