নিজস্ব প্রতিবেদক:: শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া মো. জুম্মান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে জুম্মানকে শেবাচিম হাসপাতালের সামনে থেকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
মো. জুম্মান নগরীর ২৩নং ওয়ার্ড টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।
পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, জুম্মান সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন গেটে একটি ওয়াকিটকি সেট ও দুটি ভুয়া সাংবাদিকদের আইডি কার্ড নিয়ে ঘোরাঘুরি করেন। পড়ে রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।