অনলাইন ডেস্ক::

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাঁজাসহ দুজন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নূরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলম (২৪) ও কোনারপাড়ার মনির আহমদের মেয়ে মিনারা বেগম (২৩)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কোনারপাড়ার মিনারা বেগমের বাড়ি থেকে ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নূরে আলম জানান, আমাদের কাছে গোপন খবর ছিল মিয়ানমার থেকে ইয়াবার একাধিক চালান শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে দেশে ঢুকেছে। এ তথ্যের ভিত্তিতে এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়। পরে ইয়াবার চালান পাচারে সংশ্লিষ্ট সন্দেহজনক ব্যক্তি মোহাম্মদ আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কোনারপাড়া এলাকার মনির আহমদের বাড়িতে মিনারার হেফাজতে একটি চালান মজুদ রয়েছে। রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রাখা এক লাখ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার ও মিনারাকে আটক করা হয়।

এসআই নূরে আলম আরো জানান, ধৃত দুই মাদক পাচারকারী ও মাদকের চালানসংশ্লিষ্ট আরো তিনজনকে পলাতক আসামি করে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।