আপডেট নিউজ ডেস্ক:: দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) নিষেধাজ্ঞা থাকাকালে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য ১৬ হাজার ৭৫১ দশমিক ৫৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। উপকূলীয় ১৪ জেলার ৬৭ উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর ২ লাখ ৯৯ হাজার ১৩৫টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে প্রথম ধাপে ৪২ দিনে (২০ মে থেকে ৩০ জুন) মোট ৫৬ কেজি করে চাল দেওয়া হবে।

২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।সোমবার (১৬ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বরাদ্দকৃত ভিজিএফের চাল ১০ জুনের মধ্যে উত্তোলন ও মৎস্যজীবীদের মাঝে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া চাল না দিতে বলা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো—খুলনার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, দিঘলিয়া ও রূপসা; বাগেরহাটের মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা; সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর; চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই, সন্দ্বীপ, কর্ণফুলী, সীতাকুণ্ড ও চট্টগ্রাম মহানগর; কক্সবাজারের সদর উপজেলা, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ ও রামু; নোয়াখালীর হাতিয়া, সদর, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ; ফেনীর সোনাগাজী; লক্ষ্মীপুরের রামগতি, সদর, কমলনগর ও রায়পুর; বরিশালের মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, সদর ও উজিরপুর; ঝালকাঠির রাজাপুর, বরগুনার সদর উপজেলা, পাথরঘাটা, আমতলী ও তালতলী; পিরোজপুরের সদর উপজেলা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি ও ইন্দুরকানি; পটুয়াখালীর সদর উপজেলা, কলাপাড়া, বাউফল, দুমকি, মির্জাগঞ্জ, গলাচিপা, রাঙ্গাবালি ও দশমিনা এবং ভোলার সদর উপজেলা, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরা।