
এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৩রা জুন) রাত ৯টার সময় কালীগঞ্জ থানাধীন শিবনগর গুলশান মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চাঁদাবাজির নগদ ১৩ হাজার ৭০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ থানাধীন আড়পাড়া এলাকার মৃত আফজাল হোসেন বিশ্বাসের ছেলে আনাম হোসেন (৬০), আক্কাছ আলীর ছেলে মো. আলম (৫২), মৃত ইছাহাক দফাদারের ছেলে জাহিদুল ইসলাম (২৯), মৃত গৌউর অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (২৫) এবং নিশ্চিন্তপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে রিপন আলী (৩৬)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন শিবনগর গুলশান মোড় এলাকায় জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাতে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদের নিজ নিজ হেফাজত হতে ৫টি মোবাইল, ১০টি সিমকার্ড এবং চাঁদাবাজির নগদ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে ভয়ভীতি প্রদর্শন করে নামমাত্র রশিদের মাধ্যমে বিভিন্ন পরিবহন থেকে জেরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।