
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামে অভিযান চালিয়ে ১৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপির টহল দল। শনিবার দিবাগত গভীর রাতে মালিকবিহীন অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। রবিবার (৬ই জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপির ৬ সদস্য বিশিষ্ট টহল দল শনিবার দিবাগত রাত দেড়টার সময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিককবিহীন অবস্থায় ১৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।