
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় এক বছর চার মাস বয়সী শিশু জান্নাতুল ফেরদৌসের কামড়ে একটি সাপের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ই জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার দর্শনা থানাধীন উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের রিয়াজুল ইসলামের কন্যা। তবে সাপটি শিশুটিকে কোন কামড় দেয়নি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘরের মধ্যে খেলা করছিলো শিশু জান্নাতুল। খেলতে খেলতে খাটের নিচে চলে গিয়ে সেখানে থাকা একটি সাপকে ধরে শিশুটি তার গায়ে দুই জায়গায় কামড় দেয়। পরে মৃত সাপসহ শিশুটি খাটের নিচ থেকে বের হয়ে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসককে বিষয়টি জানায়। স্থানীয়রা জানান, সাপটি বিষহীন ঘরগিন্নি সাপ ।
শিশুটি সুস্থ থাকায় পরবর্তীতে হাসপাতাল থেকে তাকে নিয়ে বাড়ি চলে আসে পরিবারের লোকজন। এদিকে ‘শিশুর কামড়ে সাপের মৃত্যু’ এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর বলেন, ‘বিষয়টি এখনও পর্যন্ত আমি শুনিনি। সেই কারণে এ সম্পর্কে আমার কাছে কোন তথ্য নাই।’