
এম.এ.আর.নয়ন: গণপিটুনিতে আশান নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি লিটন মোল্লা (৩৫) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (১১ই জুন) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। লিটন মোল্লা ঝিনাইদহের হরিণাকুন্ডু থানাধীন কাপাশহাটিয়া গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে। প্রাথিমক জিজ্ঞাসাবাদে লিটন মোল্লা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকালে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে লিটন মোল্লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ৭জুন রাত ৩টার দিকে লিটন মোল্লার আলমসাধু তার বসতবাড়ির সামনে থেকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো আশান। এ সময় স্থানীয় লোকজন লিটন মোল্লার নেতৃত্বে আশানকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে আশানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশানের স্ত্রী তাছলিমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। নিহত আশান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের আফতাবের ছেলে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।