এম.এ.আর.নয়ন: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সারাবিশ্বকে তাক লাগিয়ে তীব্র খরস্রোতা পদ্মা নদীর উপর নব-নির্মিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫শে জুন) সকাল সাড়ে ৯টার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সদর থানায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। এছাড়া চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল, আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম, দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ওসি আব্দুল খালেক এবং দর্শনা থানার ওসি এ.এইচ.এম লুৎফুল কবীরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্ব স্ব থানা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার বিকালে জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে পৌরমেয়র রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনুকা আক্তার রিতা, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়েব আহম্মেদ অঞ্জন, পৌর কাউন্সিলর আবুল কাশেম, জয়নাল আবেদীন, জামাল হোসেন খোকন এবং খোকন হোসেন। একই সময় জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপের নেতৃত্বে উথলী বাজার ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে পৌঁছে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি সম্রাট হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চন্দনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।