এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে খননকৃত ভৈরব নদীর দুই পাড়ের মাটি বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভৈরব নদীর কোল ঘেঁষে উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা জোড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাশেম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল হক, মিনাজপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন এবং আওয়ামী লীগ নেতা মোহাসিনসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ‘যে চক্রগুলো মাটি বিক্রি করছে আমরা সবাই মিলে তা প্রতিহত করবো। প্রয়োজন হলে সকলকে সাথে নিয়ে নিজেদের জীবনের বিনিময়ে হলেও ভৈরব নদীর মাটি রক্ষা করবো। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, যদি জনগণের ক্ষতি হয় তাহলে এক ঝুড়ি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, নদীর গতিপথ পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে জীবননগর উপজেলায় ভৈরব নদী খননের কাজ শুরু করা হয়। খননের পর নদীর দুই পাড়ের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নদী তার যৌবন ফিরে পায়। কিন্তু খনন কাজ শুরু হওয়ার পর থেকেই নদীর দুই পাড়ের মাটি ক্ষমতার দাপট দেখিয়ে এবং বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় তা বিক্রি করা শুরু হয়। এতে করে নদী আপন সৌন্দর্য হারানোর পাশাপাশি পাড়ের মাটি অপসারণ হওয়ায় সামনের দিনগুলোতে নদীর আশপাশে জমি থাকা ব্যক্তিরা তাদের চাষের জমি ও বাড়িঘর ভাঙনের আশংকা করছেন৷ এছাড়া নদী খননের অতিরিক্ত মাটি অপসারণের জন্য যেসব ঠিকাদার কাজ করছেন তারাও সকল নির্দেশনা সঠিকভাবে মানছেন না। ফলে মাটি বহনের সময় তা সড়কে পড়ে স্তুপের সৃষ্টি হচ্ছে। অল্প একটু বৃষ্টি হলেই ওই সমস্ত স্তুপের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। ফলে সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই প্রশাসনের উচিত কার্যকরি ভূমিকা পালন করা। যাতে জনসাধারণের মনে কোন প্রকার ক্ষোভ সৃষ্টি না হয়।