
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেন্সিডিলসহ আলামিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ই জুলাই) ভোরে উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলামিন (২৮) গোয়ালপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানার এসআই সিদ্ধার্থ মণ্ডল, এসআই সৈকত পাড়ে, এএসআই সাইদুজ্জামান এবং এএসআই ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার সময় জীবননগর থানাধীন গোয়ালপাড়া গ্রামস্থ শহিদের নার্সারির সামনে চ্যাংখালী টু জীবননগরগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে জীবননগরগামী একটি আলমসাধুর গতিরোধ করে আলামিন নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে আলমসাধুর বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।