ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখান উপজেলায় কোরবানির গরু কিনতে গিয়ে নিখোঁজ হাফেজ ইকবাল হোসেনের (৪০) সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাবাসী। আজ শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সুকদেব স্কুল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ হাফেজ ইকবাল হোসেন দৌলতখান পৌরসভার ২ নম্বর ওযার্ডের হাফেজ আবদুল হামিদের ছেলে। মানববন্ধনে ইকবালের পরিবারের লোকজনসহ দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে ইকবাল হোসেন তাঁর নিজ বাড়ি থেকে কোরবানির গরু কিনতে দৌলতখান বাজারে যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার বাবা হাফেজ আব্দুল হামিদ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বুধবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ছেলের সন্ধান পেতে হাফেজ ইকবালের পিতা হাফেজ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ভোলার পুলিশ সুপারসহ প্রশাসনের সর্বস্তরের কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ইকবালের নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরির আলোকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।