ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় সিলিন্ডার বিস্ফোরণে ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার বিকালে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- কীটনাশক ব্যবসায়ী রিপন, জুতার দোকানি আব্বাস, ফার্মেসি ব্যবসায়ী মিজান, জিহাদ, কসমেটিক ব্যবসায়ী রাসেল, চায়ের দোকানদার রাকিব, নুরুজ্জামান ফরাজী, ফাস্টফুড ব্যবসায়ী খোকন, মুদি দোকানি সাইফুল, জাবেদ ও কাঠ ব্যবসায়ী আইয়ুব আলী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনন্দবাজারে রাকিবের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক আগুন চারদিক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ১১ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আসায় তাদের কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস অভিযোগ অস্বীকার করেছে।আনন্দবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মেম্বার অভিযোগ করেন, আগুনে পুড়ে ১১ ব্যবসায়ীর কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস সময় মতো এলে এত ক্ষতি হতো না। তিনি ব্যবসায়ীদের ক্ষতি পূরণের দাবি জানান।

মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাসনের ইউএনও আল-নোমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সরকারিভাবে সহযোগিতা করা হবে।