এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত অনলাইন গেমস পাবজি টুর্নামেন্ট চলাকালে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সের ১০৮ জন কিশোর-যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার সদর থানাধীন দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ উপস্থিত হওয়ার পরেও তারা তাদের খেলা চালিয়ে যেতে থাকে যা দেখে উপস্থিত পুলিশ সদস্যরা বিস্মিত হয়ে পড়েন। জানা যায়, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় এলাকায় পাবজি টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার দিবাগত সারারাত সেখানে খেলা চলেছে। বুধবার সকালেও খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১০৮ জনকে আটক করেন। এ সময় টুর্নামেন্টের ট্রফি, বিভিন্ন ব্রান্ডের নামিদামি মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত কিশোর-যুবকরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করেন। অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে তারা চুয়াডাঙ্গায় খেলতে এসেছিলেন। আটককৃতদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ২৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্কদের মুচলেকার মাধ্যমে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, পাবজি ও ফ্রি-ফায়ারসহ নানাধরনের অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়েছে দেশের উঠতি বয়সী যুব সমাজ। এ সমস্ত খেলার সময় তাদের কোনদিকে খেয়াল থাকে না। চোখ থাকে শুধু মোবাইলের দিকে। তাদেরকে এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের দিকে আরও খারাপ কিছু অপেক্ষা করছে দেশের জন্য। তবে সবার চোখ ফাঁকি দিয়ে এত বড় একটি টুর্নামেন্টের আয়োজনে জেলার সচেতনমহল বিস্মিতি হয়েছেন।