এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে অটো রাইস মিলে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল (২২) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৪শে জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা এলাকাস্থ মেসার্স মা-বাবা অ্যাগ্রো ফুড নামের একটি অটো রাইস মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মা-বাবা অটো রাইস মিলে প্রবেশ করেন ফয়সালসহ আরও কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ফয়সাল ও রাকিব বয়লারে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ বয়লারের চুলা বিস্ফোরিত হয়। এ সময় রাকিব সরে যেতে পারলেও বিস্ফোরণের ফলে ফয়সাল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশের একটি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই ছিলো।